ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেছেন বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনাল মেসি।
চলতি মৌসুম দুই খেলোয়াড়ের জন্যই পয়মন্ত হয়ে দেখা দিয়েছে। স্পেনের লা লিগায় সমান সংখ্যক ২৪ গোল সংগ্রহ করেছেন দু'জন। মেসি আজ হ্যাট্রিক করলে পরের দিনই হ্যাট্রিক করে জবাব দেন রোনালদো, ব্যাপারটা দাড়িয়েছে অনেকটা এমনই। মাঠ ছাড়িয়ে লড়াই ব্যক্তিগত দ্বন্দ্বে পৌছে গেছে কিনা, তা নিয়ে মিডিয়া সরগরম ছিল বেশ ক'দিন। কিন্তু মেসির সরল স্বীকারোক্তি এই গরম আলোচনায় একেবারে জল ঢেলে দিয়েছে।
বুধবার রাতে প্রীতি খেলায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও পর্তুগাল। মিডিয়ার আলোচনায় মেসি-রোনালদো দ্বৈরথ মুখ্য হয়ে উঠেছিল সে খেলায়। তাই হয়তো ক্ষেপেছেন আর্জেন্টিনার ছোট ম্যারাডোনা। ইউয়েফা ডটকমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, " নিঃসন্দেহে এটি বার্সা বনাম রিয়াল অথবা মেসি বনাম রোনালদোর খেলা ছিল না। "
মাঠেও নিজেকে রোনালদোর প্রতিপক্ষ মনে করেন না মেসি, " মাঠে আমরা একে অপরের সাথে লড়াই করি না। এমনকি কে ভালো খেলোয়াড় তা নিয়েও আমরা ভাবি না। আমাদের লড়াকু মনোভাবের পুরোটাই দলের প্রতি নিবেদিত। "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন